রাতের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত।
দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার (২৩ মে) রাতের মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে ১৬ জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে আরেক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকের ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন