সুনামগঞ্জের ছাতকে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০ জন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে পুরোনো বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) সকালে দুপক্ষের মধ্যে শুরু হওয়া এ সংঘাতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। অতীতেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় আদালত ও থানায় বেশ কিছু মামলাও রয়েছে।
গ্রামবাসীরা জানান, কফিল উদ্দিনের ভাই ফয়সাল আহমদ সম্প্রতি বাড়িতে ফেরার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়। একটি মামলার আসামি হওয়ায় তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন না। শুক্রবার তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় মুরব্বিরা চেষ্টা করলেও শনিবার সকালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে। এতে কয়েকজন গুরুতর আহত হন।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আক্তার হোসেন, তাজুল ইসলাম, শাহজাহান মিয়া, মুক্তার আলী, কেনু মিয়া ও ছালেক মিয়া।
ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মতামত দিন