‘ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে’ — ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারবিরোধী নানা অপচেষ্টা এখনও থেমে নেই। তার দাবি, অতীতে ক্ষমতাচ্যুত স্বৈরশাসনের সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী এখনও গোপনে সক্রিয় রয়েছে এবং তারা দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে একটি খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ত্রিশালের বইলর এলাকায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উন্নয়নকাজ উদ্বোধনকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
বক্তৃতায় তারেক রহমান বলেন, নির্বাচনের পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। তিনি জানান, নিম্নআয়ের পরিবার, কৃষক, শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে।
সম্প্রতি আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গেও কথা বলেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বিচার প্রক্রিয়া আইনের মধ্য দিয়েই এগোবে। তবে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তারেক রহমানের ভাষ্য, বিএনপি সরকারের উন্নয়ন উদ্যোগ ব্যাহত করতেই কিছু পক্ষ নানা ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে এসব বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী করে তুলতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণে জোর দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে ভারী বৃষ্টির মধ্যেও উপস্থিত হন তারেক রহমান। উদ্বোধনের পর তিনি খাল পুনঃখনন কাজে অংশ নেন এবং শ্রমিকদের সঙ্গে মাটি কাটতেও দেখা যায় তাকে। এ সময় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

মতামত দিন