শিল্প ও কর্মসংস্থানে গতি আনতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা।
শের স্থবির শিল্পখাত সচল করা এবং নতুন কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে বড় আকারের বিশেষ ঋণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে মোট ৬০ হাজার কোটি টাকার অর্থায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান জানান, তহবিলটি চালু হলে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই অর্থের বড় অংশ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। বাকি অংশ পুনঃঅর্থায়ন সুবিধা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দেবে। ঋণের সুদের একটি অংশ সরকার ভর্তুকি দেওয়ায় উদ্যোক্তারা তুলনামূলক কম সুদে অর্থ নিতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর পাশাপাশি কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তৈরি পোশাক খাত এবং পরিবেশবান্ধব উদ্যোগে এই তহবিল ব্যবহার করা হবে। সৃজনশীল ও উৎপাদনমুখী খাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অনাদায়ী ঋণ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ দেশের ব্যবসা ও শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সেই পরিস্থিতি কাটিয়ে অর্থনীতিকে আবার গতিশীল করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মতামত দিন