আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পূর্ব ইউক্রেনে হামলা নিয়ে উত্তেজনা, পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের।

নিজেস্ব প্রতিবেদক:

উক্রেনের দখলে থাকা পূর্বাঞ্চলের একটি ভবনে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (২৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্ক শহরে রাতের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। রাশিয়াপন্থি প্রশাসনের দাবি, হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীর বক্তব্য, তারা স্টারোবিলস্ক এলাকায় রাশিয়ার একটি ড্রোন ইউনিটের ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তবে রাশিয়া যে ভবনে হামলার অভিযোগ করছে, সেটিই ওই ঘাঁটি কি না—তা স্পষ্ট করেনি কিয়েভ।

ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন বলেন, হামলার আশপাশে কোনো সামরিক অবকাঠামো ছিল না। তিনি ইউক্রেনের হামলাকে বেসামরিক স্থাপনায় আঘাত হিসেবে উল্লেখ করেন এবং রুশ বাহিনীকে প্রয়োজনীয় জবাবের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

রুশ কর্মকর্তাদের ভাষ্য, ইউক্রেন একাধিক ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এদিকে শনিবার ভোরে রাশিয়ার কৃষ্ণসাগরীয় শহর নভোরোসিস্কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল স্থাপনায় আগুন লাগার খবরও পাওয়া গেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুনে কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু বাড়িতেও আঘাত লেগেছে। তবে কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের লক্ষ্য ছিল কেবল সামরিক অবকাঠামো। কিয়েভের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক যুদ্ধনীতি মেনেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, খেরসনের দখলকৃত এলাকায় রাশিয়ার নিরাপত্তা সংস্থার একটি ঘাঁটিতে হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি মস্কো।

মতামত দিন