পাটওয়ারীর বক্তব্যে শালীনতা নেই: পানিসম্পদমন্ত্রী।
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পান না বলে কড়া মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে যেসব কাজ করছেন, বিরোধী দলের নেতারা সেগুলো নিয়ে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্নভাবে কথা বলছেন — এটা জাতি প্রত্যাশা করতে পারে না। তিনি বলেন, দীর্ঘ ৩৫-৪০ বছর ধরে রক্ত, ঘাম ও নির্যাতন সহ্য করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাসিত জীবনের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে আসা হয়েছে।
পাটওয়ারীর ঝিনাইদহ সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনীতিতে শালীনতা ও শৃঙ্খলা থাকা দরকার। কিন্তু পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে যেভাবে কথা বলেন, তার বক্তব্যে সেই শালীনতা খুঁজে পাওয়া যায় না। তিনি ঝিনাইদহে যাদের নিয়ে গেছেন, তারা একসময় এ দেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল বলেও অভিযোগ করেন মন্ত্রী।
বিরোধী দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এ্যানি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম সবাই দেখেছে। বাইরে ভালো আচরণ দেখালেই হয় না, ভেতরের প্রকৃত চরিত্রও জাতিকে বিশ্লেষণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মতামত দিন