গরু কোরবানি ইসলামে ও ধর্মীয়ভাবে বাধ্যতামূলক নয়: মন্তব্য কলকাতা হাইকোর্টের।
ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে গবাদিপশু কুরবানি নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের কুরবানি নিয়ন্ত্রণের আদেশ বাতিলের আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ বলেছে, গরু কুরবানি ঈদুল আজহার অবিচ্ছেদ্য অংশ নয় এবং ইসলামেও এটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলক নয়।
একাধিক জনস্বার্থ মামলায় রাজ্যের আদেশ বাতিল ও অন্তর্বর্তী স্থগিতাদেশের দাবি তোলা হয়েছিল। আদালত সেই দাবি মানেনি। তবে রাজ্যকে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিষয় বিবেচনা করতে বলা হয়েছে — ১৯৫০ সালের আইনের ১২ নম্বর ধারায় ধর্মীয়, ওষুধ বা গবেষণার উদ্দেশ্যে নিষিদ্ধ পশু কুরবানিতে ছাড় দেওয়ার ক্ষমতা সরকারের আছে কি না। ২৭ ও ২৮ মে ঈদ হওয়ায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছে আদালত। পাশাপাশি খোলা জায়গায় কুরবানি নিষিদ্ধ করার শর্ত যোগের বিষয়টিও ভেবে দেখতে বলা হয়েছে।
রাজ্য সরকারের ১৩ মের আদেশে বলা হয়েছিল, 'কুরবানির উপযুক্ত' সনদ ছাড়া গরু ও মহিষ কুরবানি করা যাবে না। আদালত জানিয়েছে, সনদ দেওয়ার সঠিক ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের এবং কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সারাতে হবে।

মতামত দিন