ঈদযাত্রায় ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান বন্ধ, ফেরি পারাপারেও নিষেধাজ্ঞা।
ঈদুল আজহার যাত্রা নিরাপদ রাখতে নৌপথে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপার বন্ধ থাকবে।
এছাড়া ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগের পাঁচ দিন সদরঘাট থেকে যাত্রীবাহী নৌযানে কোনো মালামাল বহন করা যাবে না। ঈদের পরের পাঁচ দিনও অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী লঞ্চে মালামাল পরিবহন নিষিদ্ধ থাকবে।
আগামীকাল ২৪ মে থেকে শিমুলিয়া টুরিস্ট ঘাট ও ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নতুন কয়েকটি রুটে লঞ্চ চলাচল শুরু হবে। বসিলা ঘাট থেকে চাঁদপুর, বরিশাল, গলাচিপাসহ একাধিক গন্তব্যে সার্ভিস চালু হবে।
যাত্রীদের ট্রলার বা নৌকা থেকে লঞ্চে না ওঠার এবং বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং কোস্ট গার্ড ১৬১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।
মতামত দিন