চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৯০, উদ্ধার অভিযান চলছে।
উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ খনিতে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই ছয়টি উদ্ধারকারী দলের ৩৪৫ সদস্য ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। শতাধিক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা ও জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘটনার কারণ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। খনির দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
শানসি চীনের কয়লাখনির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরও এই অঞ্চলে বড় ধরনের দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটছে।
মতামত দিন