নতুন করে হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আবারও গ্রেপ্তার।
সব মামলায় জামিন পেয়েও কারামুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের। বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় শনিবার (২৩ মে) তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে খোবাইব নামে এক তরুণ নিহত হন। তার ভাই জোবায়ের আহম্মেদ একই বছরের নভেম্বরে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।
গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন খায়রুল হক। সাতটি মামলার সবকটিতে জামিন পেলেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে। এরই মধ্যে নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ, যার ওপর শুনানি নিয়ে আজ আদালত আদেশ দেন।
উল্লেখ্য, হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে।
মতামত দিন