জাতীয়
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদের আনন্দের মাঝেই রক্তাক্ত হলো কুষ্টিয়ার খোকসা। আজ শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাংশাগামী ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।

আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। ঈদের ঠিক আগমুহূর্তে এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মতামত দিন