ময়মনসিংহ ও সিলেটে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস।
একদিকে ১৪ জেলায় তাপপ্রবাহ, অন্যদিকে দুই বিভাগে তীব্র ঝড়ের আশঙ্কা। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কায় ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকাসহ বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারি বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।
এর মধ্যেও মাদারীপুর, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, খুলনাসহ ১৪টি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন