আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে কিস্তিতে খাবার কিনছেন মানুষ, মূল্যস্ফীতির চাপে বদলে যাচ্ছে জীবনযাত্রা।

নিজেস্ব প্রতিবেদক:

চরম মূল্যস্ফীতির চাপে ইরানে সাধারণ মানুষের জীবনযাত্রায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিয়েছে। এখন শুধু বড় পণ্য নয়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও অনেকে কিস্তিতে কিনতে বাধ্য হচ্ছেন।

সরকারি ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে মূল্যস্ফীতি ৭০ শতাংশের বেশি। এতে খাদ্য ও দৈনন্দিন পণ্যের দাম দ্রুত বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

আগে যেখানে কিস্তিতে মূলত ফ্রিজ, টিভি বা আসবাবপত্র কেনা হতো, এখন সেই সুযোগ দেওয়া হচ্ছে চাল, ডাল ও তেলের মতো মৌলিক পণ্যের ক্ষেত্রেও। সুপারশপ ও দোকানগুলোতে কয়েক মাসের কিস্তিতে মুদি পণ্য বিক্রির প্রবণতা বাড়ছে।

তেহরানভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, নতুন পণ্য কেনার সামর্থ্য হারিয়ে অনেকেই এখন ব্যবহৃত বা সেকেন্ড-হ্যান্ড পণ্যের দিকে ঝুঁকছেন। এতে পুরোনো জিনিসের বাজারেও চাহিদা বাড়ছে।

স্থানীয়রা জানিয়েছেন, একসঙ্গে বড় অঙ্কের অর্থ ব্যয় করা কঠিন হয়ে পড়ায় তারা বাধ্য হয়ে কিস্তি বা ব্যবহৃত পণ্য বেছে নিচ্ছেন।

অর্থনীতিবিদদের মতে, খাদ্য, বাসাভাড়া ও সেবাখাতে ব্যয় বেড়ে যাওয়ায় মানুষের আয়ের বড় অংশ এখন শুধু জীবনধারণেই শেষ হয়ে যাচ্ছে। এর ফলে ভোক্তা আচরণে দীর্ঘমেয়াদি পরিবর্তন তৈরি হচ্ছে।

মতামত দিন