অপরাধ
ছবি: সংগৃহীত

গরুর হাটের দ্বন্দ্বে সিরাজদীখানে টেঁটা যুদ্ধ, আহত ৮।

নিজেস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় গরুর হাটের নিয়ন্ত্রণ ও বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল থেকে উপজেলার বালুচর ইউনিয়নের চর জসিম উদ্দিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের বিরোধের জেরে শহীদ বাউল ও মোক্তার হোসেনের অনুসারীদের সঙ্গে সুরুজ্জামান সরকার, খোকন সরকার ও আসাদ সরকারের পক্ষের লোকজনের মধ্যে সংঘাত বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

আহতদের মধ্যে শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকার (২৫)-এর নাম জানা গেছে। তারা মোল্লাকান্দি এলাকার বাসিন্দা। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, চরাঞ্চলে জমি দখল, হাটের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার নিয়ে প্রায়ই এ ধরনের সহিংসতা ঘটে। দীর্ঘদিন ধরেই কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

মতামত দিন