সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে,নিহত ১।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের দিকে খাগাইল ও গৌরিনগর গ্রামের লোকজন মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্র বলছে, আহতের সংখ্যা অন্তত ১০ জন হতে পারে।
বিকেল সাড়ে ৫টার পর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নিহতের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।
সংঘর্ষের কারণ ও হতাহতের বিস্তারিত তথ্য জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

মতামত দিন