অর্থনীতি
ছবি: সংগৃহীত

তেলবাজারের চাপ বাড়তেই কমল স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে আবারও নিম্নমুখী হয়েছে স্বর্ণের দাম। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, আর সেই প্রভাব পড়েছে স্বর্ণবাজারেও।

বিনিয়োগকারীদের একাংশ এখন ঝুঁকি এড়িয়ে সতর্ক অবস্থান নেওয়ায় দরপতন দেখা গেছে মূল্যবান এই ধাতুর বাজারে।

শুক্রবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ৪ হাজার ৫২৮ ডলারের কিছু বেশি দামে। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুনভিত্তিক স্বর্ণচুক্তির দরও কিছুটা নেমে গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে অবস্থান করায় নতুন করে মূল্যস্ফীতির শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর আবার সুদহার বাড়াতে পারে—এমন আশঙ্কা থেকেই স্বর্ণে বিনিয়োগে ধীরগতি দেখা যাচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধের বিভিন্ন প্রস্তাব নিয়ে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি।

বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও সুদহার ইস্যুর টানাপোড়েনের মধ্যেই আগামী দিনগুলোতে স্বর্ণবাজারে আরও ওঠানামা দেখা যেতে পারে।

মতামত দিন