বগুড়ায় আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু।
বগুড়ার কাহালুতে ভয়াবহ আগুনের ঘটনায় এক নারী ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।
নিহত সোনিয়া খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। বাবার বাড়িতে মেয়েকে নিয়ে থাকতেন তিনি। সকালে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের শিখা দেখতে পান তারা।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ঘরের ভেতরে পুড়ে মারা যান সোনিয়া। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তার ১০ বছর বয়সী মেয়ে মেহা মনিকে। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে দাহ্য পদার্থের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন