ইসলামের আলো
ছবি: সংগৃহীত

হজ মৌসুমে ইরানে হামলা না করতে যুক্তরাষ্ট্রকে সরাসরি চাপ সৌদি আরবের।

নিজেস্ব প্রতিবেদক:

হজের মৌসুমে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে সরাসরি চাপ দিয়েছে সৌদি আরব। মিডল ইস্ট আই-এর প্রতিবেদন বলছে, রিয়াদের এই সতর্কবার্তার পরই সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উপসাগরীয় অঞ্চলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হজ চলাকালে হামলা হলে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। একই সঙ্গে ইরান পাল্টা হামলায় সৌদি আরব বা প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করতে পারে — এই আশঙ্কাও ছিল। লাখো হজযাত্রীর নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের ভেতর থেকেও একই পরামর্শ দেওয়া হয়েছিল বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

তবে পরিস্থিতি শান্ত থাকছে না বেশিদিন। হজ ও ঈদুল আজহা শেষ হলেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

এর মধ্যে সিএনএন জানাচ্ছে, যুদ্ধবিরতির সুযোগে ইরান দ্রুতগতিতে নিজেদের সামরিক সক্ষমতা ফিরিয়ে আনছে — ড্রোন উৎপাদন, ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনর্নির্মাণ, সব মিলিয়ে প্রস্তুতি চলছে পুরোদমে। ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ নিজেও স্বীকার করেছেন, এই বিরতিকে তারা পুনর্গঠনের কাজে লাগিয়েছেন।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে চূড়ান্ত কোনো সমাধান এখনো দিগন্তে নেই।

মতামত দিন