ইতিহাসের নির্মম পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকা উচিত,পশ্চিমা বিশ্বকে ইরানের কড়া সতর্কবার্তা।
আশদোদ বন্দরে গাজা মানবিক সহায়তা কনভয়ের কর্মীদের হাতকড়া পরিয়ে অপমানের ঘটনায় পশ্চিমা বিশ্বকে কড়া ভাষায় সতর্ক করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে তিনি বলেন, পশ্চিমারা যদি নিজেদের ঘোষিত মূল্যবোধ ও বাস্তব আচরণের মধ্যেকার দূরত্ব আরও বাড়াতে থাকে, তাহলে ইতিহাসের নির্মম পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকা উচিত।
ইসরায়েলের এক চরমপন্থী মন্ত্রী সেখানে হাতকড়া পরা ইউরোপীয় নাগরিকদের ব্যক্তিগতভাবে অপমান করেছেন — এই দৃশ্যকে 'গভীরভাবে মর্মান্তিক' বলে বর্ণনা করেন বাঘায়ি। তিনি বলেন, এই ছবিগুলো নাৎসি শাসনের তিক্ত স্মৃতি ফিরিয়ে আনে, যখন একটি শক্তি নিজেকে যেকোনো জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করত।
ইরানের এই কর্মকর্তা ইউরোপকে সরাসরি ১৯৩০-এর দশকের কথা মনে করিয়ে দিয়ে বলেন, সেসময়ও ইউরোপ ভেবেছিল নীরব থেকে পার পেয়ে যাবে — ইতিহাস বলে সেই হিসাব মেলেনি। আজও গণহত্যা ও দখলদারিত্বের মুখে পশ্চিমের নিষ্ক্রিয়তা একই ভুলের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন তিনি।
বাঘায়ি বলেন, এই নীরব সহযোগিতাই ইসরায়েলের অপরাধমূলক আচরণকে স্বাভাবিক করে তুলছে এবং তা আরও তীব্র হতে দিচ্ছে।
মতামত দিন