দালালের ফাঁদে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবক নিহত।
চাকরির স্বপ্ন দেখিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল তাকে। শেষ পর্যন্ত ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে প্রাণ দিতে হলো মাদারীপুরের সুরুজ কাজীকে (৩০)।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ মাস আগে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সুরুজকে রাশিয়া পাঠান স্থানীয় দালাল দিলু মাতুব্বর ও ঢাকায় থাকা জাফর মাতুব্বর। এজন্য পরিবার ৮ লাখ টাকা তুলে দেয় দালালদের হাতে। কিন্তু রাশিয়ায় পৌঁছে সুরুজ বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। বাধ্য হয়ে চুক্তিতে সই করে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে। এরপর তাকে পাঠানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে।
কান্নাজড়িত কণ্ঠে সুরুজের বড় বোন শারমিন আক্তার বলেন, দালালরা তার ভাইকে যুদ্ধে বিক্রি করে দিয়েছে। তিনি দালালদের ফাঁসির দাবি জানান। পরিবার ও এলাকাবাসী এখন সুরুজের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে আনার চেষ্টা করা হবে। তিনি সতর্ক করে বলেন, রাশিয়ায় কাজের নামে যাওয়া একটি ফাঁদ — অভিবাসনপ্রত্যাশীদের এ বিষয়ে সজাগ থাকা জরুরি।

মতামত দিন