ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ১০।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস ফ্লাইওভার পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা একটি ধীরগতির যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের লোকজনও রয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গোড়াই হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যানজট দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

মতামত দিন