রাজনীতি
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জুমার পর এনসিপি নেতা পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পাটওয়ারী জানান, জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সাথে সাথেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা চালায়। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ এবং পরে হকিস্টিক দিয়ে আঘাত করা হয় বলে তিনি অভিযোগ করেন। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন।

পাটওয়ারী আরও জানান, তাঁকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়। হামলাকারীরা এ সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে দাবি করা হয়।

ঘটনার পর পাটওয়ারী ও তাঁর সঙ্গীরা স্থানীয় থানায় অবস্থান নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তিনি আরও সতর্ক করে দেন যে, ছাত্রদল, যুবদল ও বিএনপি থানার সামনেও পুনরায় হামলার প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে নির্বাচনী প্রচারণার সময় ঢাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছিল। সেবারও ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

হামলার অভিযোগ সম্পর্কে বিএনপি, ছাত্রদল বা যুবদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন