জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। যানজট নিয়ন্ত্রণ, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকার বিভিন্ন ব্যস্ত এলাকা ছাড়াও সাভার ও গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কপথে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নবীনগর, বাইপাইল এবং গাজীপুর চৌরাস্তার মতো যানজটপ্রবণ স্থানে তাদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

ঈদকে সামনে রেখে বাড়তি মানুষের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি। শুধু নিরাপত্তা নয়, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতেও তারা সক্রিয় ভূমিকা পালন করবে।

জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের আগের সাত দিন এবং ঈদের পর আরও তিন দিন মাঠে থাকবে বিজিবি। এ সময় মহাসড়ক ও টোল প্লাজাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তাও করবে বাহিনীটি।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রায় ভোগান্তি কমিয়ে মানুষকে নিরাপদ পরিবেশ দিতে এবার সমন্বিতভাবে কাজ করছে প্রশাসন।

মতামত দিন