শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, বহুদিন ধরে আত্মগোপনে থাকা বিভিন্ন অপরাধীকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজধানীর আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযুক্ত ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফলে তদন্ত দ্রুত শেষ করে অল্প সময়ের মধ্যেই অভিযোগপত্র জমা দেওয়া সম্ভব হবে বলে আশা করছে সরকার।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ জানান, তাকে ফিরিয়ে আনার জন্য আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া একসঙ্গে চলছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হোক—এটাই সরকারের প্রত্যাশা। স্বেচ্ছায় ফিরে এলে সেটিকে ইতিবাচক হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নির্দেশনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলে সংবাদমাধ্যমের তা যথাযথভাবে অনুসরণ করা উচিত।
মতামত দিন