ঈদের আগে প্রবাসী আয়ে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ।
কোরবানির ঈদ ঘিরে দেশের অর্থনীতিতে বড় স্বস্তি এনে দিচ্ছেন প্রবাসীরা। চলতি মে মাসের প্রথম ২০ দিনেই বৈধ পথে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টদের মতে, ঈদ সামনে রেখে পরিবার-স্বজনের খরচ মেটাতে বিদেশে থাকা বাংলাদেশিরা বাড়তি অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহে এমন উল্লম্ফন দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, গত বছরের মে মাসের একই সময়ে দেশে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু মে মাসই নয়, পুরো অর্থবছরজুড়েই ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে প্রবাসী আয়।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২১ শতাংশ বেশি।
এদিকে মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এরপর এপ্রিলেও ৩১২ কোটির বেশি ডলার আসে। জানুয়ারি, ফেব্রুয়ারি ও ডিসেম্বরেও তিনশ কোটি ডলারের কাছাকাছি বা বেশি রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ।
অর্থনীতিবিদদের ধারণা, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো সহজ হওয়া, ডলারের দর সমন্বয় এবং বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ বৃদ্ধির কারণেই রেমিট্যান্সে এমন ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন। তবে চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

মতামত দিন