জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়, এতে চরম দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রীরা।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, ঈদযাত্রা শুরুর পর থেকেই মহাসড়কের এই অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত চাপের কারণে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকা থেকে শুরু করে মেঘনা–গোমতী সেতু পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রাক একসঙ্গে চলায় এক পর্যায়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে যায়।

যাত্রীরা অভিযোগ করেন, আগেই যানজটের খবর পেয়ে অনেকে ভোরে রওনা দিলেও শেষ পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে হয়। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জানান, একটি দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে টোল প্লাজায় ধীরগতির কারণে এবং অতিরিক্ত গাড়ির চাপে পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে।

হাইওয়ে পুলিশ বলছে, যানজট নিরসনে একাধিক টিম কাজ করছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।


মতামত দিন