কুড়িগ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অটোচালকের মৃত্যু।
কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। তিনি বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
বৃহস্পতিবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোচালক ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে হঠাৎ করে এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় রফিকুল ইসলাম বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে নামেন। কিছুক্ষণ পর আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বৃষ্টির পর স্থানীয়রা পুকুরে তার নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। পরে বিষয়টি চিলমারী মডেল থানায় জানানো হয়।
থানার ওসি নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং এটি প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মতামত দিন