স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, এক দশক পর রায় দিল আদালত।
ঢাকার আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে মো. রেজাউল করিম মাদবর নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় দেন। আদালত নির্দেশ দিয়েছেন, উচ্চ আদালতের অনুমোদনের পর আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
রায় ঘোষণার সময় রেজাউল আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, আশুলিয়ার জিরাবো এলাকায় স্ত্রী সিমা আক্তার ও ছোট মেয়েকে নিয়ে বসবাস করতেন রেজাউল। সংসারের ব্যয়ভার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত। সিমা পোশাক কারখানায় কাজ করলেও রেজাউলের কোনো স্থায়ী পেশা ছিল না বলে জানা যায়।
২০১৬ সালের এপ্রিল মাসে পারিবারিক কলহের একপর্যায়ে সিমাকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, মাথায় আঘাত করার পর ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেওয়া হয়। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পরে নিহতের বাবা থানায় হত্যা মামলা করেন। তদন্ত চলাকালে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন রেজাউল। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালতে বিচার শুরু হয়।
মামলায় একাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত রেজাউলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

মতামত দিন