ড.ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট খারিজ।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত দেড় বছরের কার্যক্রম তদন্তের দাবি জানিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের এ সিদ্ধান্তের ফলে বিষয়টি নিয়ে দায়ের করা রিটের কার্যক্রম আর এগোচ্ছে না।
শুনানিতে আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে অস্থিরতা ও প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিশন গঠনের প্রয়োজন রয়েছে বলে তারা আদালতের কাছে দাবি জানান।
রিটকারী পক্ষের আইনজীবীরা আদালতে আরও বলেন, ভবিষ্যতে যাতে কোনো নির্বাচিত সরকারকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য ঘটনাগুলোর পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রয়োজন।
আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এম কে রহমান ও মহসিন রশীদ। রাষ্ট্রের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে আদালত বিষয়টি শুনে আদেশ ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছিলেন। পরে নির্ধারিত দিনে রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
মতামত দিন