ইরান ইস্যুতে গোপন বার্তা নিয়ে তেহরানে যাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান।
মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এ পরিস্থিতিতে বিশেষ একটি বার্তা নিয়ে বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে যাচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ফিদা হুসেইন মালিকি জানিয়েছেন, সফরকালে ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবেন পাকিস্তান সেনাপ্রধান। তবে সেই বার্তার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনের বরাতে জানা গেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট ও কূটনৈতিক সমাধানের পথ নিয়েই মূলত এই সফরকে ঘিরে আলোচনা চলছে।
এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভিও তেহরান সফর করেন। কয়েকদিন ধরে তিনি ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে আলোচনা চালান।
সফরের শেষদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন নাকভি। পরে বিভিন্ন পক্ষকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গণমাধ্যমগুলো।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন যাতে বড় ধরনের সংঘাতে রূপ না নেয়, সেজন্য পাকিস্তান এখন মধ্যস্থতাকারীর ভূমিকায় আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

মতামত দিন