পশ্চিমবঙ্গের মাদ্রাসাতেও বাধ্যতামূলক করা হলো ‘বন্দে মাতরম’।
নিজেস্ব প্রতিবেদক:
রাজ্যের সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোকেও একই নিয়মের আওতায় আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ক্লাস শুরুর আগে সকালের সমাবেশে এই গান পরিবেশন করতে হবে।
মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সহায়তাপ্রাপ্ত ও স্বীকৃত সব মাদ্রাসায় এ নিয়ম কার্যকর হবে। অনুদান না পাওয়া স্বীকৃত মাদ্রাসাগুলোকেও এই নির্দেশ মেনে চলতে হবে।
রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েকটি নতুন নীতিমালা চালু করা হয়। তারই অংশ হিসেবে প্রথমে সব স্কুলে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়। পরে সেই সিদ্ধান্ত মাদ্রাসাগুলোতেও সম্প্রসারণ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয় চেতনা জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ গানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। তবে বহু বছর ধরেই গানটি নিয়ে দেশটির রাজনৈতিক ও সামাজিক পরিসরে নানা বিতর্ক রয়েছে।
এর আগে কেন্দ্রীয় সরকারও সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাওয়ার বিষয়ে জোর দেয়। পশ্চিমবঙ্গ সরকার এবার সেই নীতিকেই আরও বিস্তৃতভাবে কার্যকর করল।
মতামত দিন