অর্থনীতি
ছবি: সংগৃহীত

যুদ্ধ অনিশ্চয়তায় ফের বাড়ল জ্বালানি তেলের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের মূল্য। টানা দুই দিনের দরপতনের পর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে যাওয়ার প্রভাবে বাজারে নতুন করে দাম বাড়তে শুরু করেছে।

আন্তর্জাতিক বিভিন্ন বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার (২১ মে) রাতের লেনদেনে উত্তর সাগরের ব্রেন্ট তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ১০৫ ডলার ৮৩ সেন্টে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক পশ্চিম টেক্সাস তেলের দামও প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৯ ডলার ২৩ সেন্টে ওঠে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন এখনও নিরসন হয়নি। যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার তুলনায় কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

এদিকে মার্কিন প্রশাসন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে এখনই নমনীয় অবস্থানে যাচ্ছে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন আসছে না।

ট্রাম্প আরও জানান, ইরান ইস্যুতে সিদ্ধান্ত নিতে তিনি সময় নিতে প্রস্তুত আছেন এবং কোনো তড়িঘড়ি পদক্ষেপে যেতে চান না।

মতামত দিন