ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক, ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মন্তব্য করেছেন, সুযোগ পেলে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে চান। যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
বুধবার স্থানীয় সময় দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইসরাইলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। তিনি বলেন, দায়িত্ব শেষ হওয়ার পর হয়তো ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন। এমনকি সকালে দেখা একটি জরিপে সেখানে তার সমর্থন ৯৯ শতাংশ বলেও দাবি করেন তিনি। যদিও কোন জরিপের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এ নিয়ে হোয়াইট হাউস থেকেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এই নেতার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি ভালো আছেন। ট্রাম্পের ভাষায়, নেতানিয়াহু একজন শক্তিশালী যুদ্ধকালীন নেতা এবং তাকে যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে না।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। তবে সম্ভাব্য সমঝোতার অগ্রগতি হওয়ায় সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন