সৌদি আরবে মাটির নিচে মিলল আব্বাসীয় যুগের শতাধিক স্বর্ণালঙ্কার।
হাজার বছরের পুরনো ঐতিহ্যের নতুন সাক্ষী মিলল সৌদি আরবে। কাসিম অঞ্চলের দারিয়াহ প্রত্নস্থলে চলমান খননকাজে আব্বাসীয় আমলের প্রায় একশটি স্বর্ণখণ্ড বের হয়ে এসেছে, যেগুলো একটি পূর্ণাঙ্গ অলঙ্কার সেটের অংশ বলে মনে করছেন গবেষকরা।
গহনাগুলোর কারুকাজ দেখে বিশেষজ্ঞরা মুগ্ধ। জ্যামিতিক বিন্যাসে ফুলের নকশা, কেন্দ্রে রঙিন পাথর, স্বর্ণের ফ্রেম — সবকিছু মিলিয়ে এগুলো তৎকালীন স্বর্ণকার শিল্পের অসাধারণ দক্ষতার প্রমাণ বহন করছে। হাতুড়ি দিয়ে পাত গড়া, সূক্ষ্ম নকশা খোদাই আর পাথর বসানোর কৌশল — সেই যুগে এই শিল্প কতটা উন্নত ছিল তা এখন আরও স্পষ্ট।
স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাথরের ভবনের ভিত্তি, কাঁচামাটির দেয়াল, প্লাস্টার করা কক্ষ ও মাটির পাত্রসহ নানা নিদর্শনও উঠে এসেছে। হিজরি তৃতীয় শতাব্দীর শেষ দিক থেকে এই এলাকায় মানববসতির প্রমাণ মিলেছে এবং ঐতিহাসিক হজ ও বাণিজ্য পথে দারিয়াহর গুরুত্বও নতুনভাবে সামনে এসেছে।
সৌদি ভিশন ২০৩০-এর আওতায় দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণ ও গবেষণার কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ

মতামত দিন