পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যায় দম্পতি গ্রেপ্তার, বিকৃত যৌন লালসার শিকার শিশু।
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত রিকশা মেকানিক জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তদন্তে জানা গেছে, বিকৃত যৌন নির্যাতনের পর বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আলামত গোপন করতে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার সকালে খাটের নিচ থেকে মস্তকবিহীন মরদেহ এবং বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।
রামিসার মা মেয়েকে স্কুলে পাঠাতে গিয়ে পাশের ফ্ল্যাটের সামনে তার স্যান্ডেল দেখে সন্দেহ করেন এবং দরজায় নক করেন। ঠিক তখনই ভেতরে হত্যাকাণ্ড চলছিল। স্বপ্না ইচ্ছাকৃতভাবে দেরিতে দরজা খোলেন যাতে জাকির জানালার গ্রিল কেটে পালাতে পারে। পরে বিকাশের দোকান থেকে টাকা তোলার সময় নারায়ণগঞ্জে জাকিরকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই ফ্ল্যাটে ভাড়া উঠেছিল। রামিসার পরিবার সেই ভবনে বাস করছে প্রায় ১৭ বছর ধরে। পল্লবী থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন