রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা ছড়াল ক্যাম্পাসে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় আগের দিনের একটি বিরোধকে কেন্দ্র করে। ডিনস কমপ্লেক্স এলাকায় বসাকে ঘিরে এক বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে অন্য বিভাগের কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরে ছবি ও ভিডিও ধারণ এবং প্রক্টরকে খবর দেওয়ার অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
পরদিন সেই বিরোধ মেটাতে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আলোচনা করতে বসেন। প্রাথমিকভাবে সমঝোতা হলেও পরে পরিবহন মার্কেটে এক ছাত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও ইভটিজিংয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের এক সহপাঠীকে ঘিরে অপমানজনক আচরণ করা হয় এবং বিষয়টি জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে ইইই বিভাগের শিক্ষার্থীরা দাবি করেন, আগের দিনের ঘটনাকে ঘিরে ভুল বোঝাবুঝি থেকেই উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি এবং রাকসুর জিএস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
মাহবুবর রহমান বলেন, চলমান বিরোধের জের ধরেই মঙ্গলবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুই বিভাগের সভাপতির সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন