পুতিনের চীন সফরের আগে চীনা জাহাজে হামলার অভিযোগ, উত্তেজনা কৃষ্ণসাগরে।
ইউক্রেন জানিয়েছে, কৃষ্ণসাগরে ওডেসা বন্দরের দিকে যাওয়া একটি চীনা মালিকানাধীন জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে চীন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার মার্শাল দ্বীপপুঞ্জ ও গিনি-বিসাউয়ের পতাকাবাহী দুটি বেসামরিক জাহাজে হামলা হয়। জাহাজ দুটি ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল।
ইউক্রেনীয় নৌবাহিনী বলছে, হামলার শিকার হওয়া জাহাজগুলোর একটি ছিল চীনা মালিকানাধীন কার্গো জাহাজ ‘কেএসএল দেইয়াং’। জাহাজটিতে চীনা নাগরিকরাও কর্মরত ছিলেন। প্রকাশিত ছবিতে জাহাজটির একাংশে আগুনের চিহ্ন দেখা গেছে।
তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক। তার ভাষ্য, জাহাজটি পিভদেননি বন্দরে লোহার আকরিক নিতে যাচ্ছিল এবং হামলার সময় সেটি খালি ছিল।
ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, রাশিয়া ভালোভাবেই জানত যে সমুদ্রে থাকা ওই জাহাজটি চীনা মালিকানাধীন। একই পোস্টে তিনি অভিযোগ করেন, রাতে ইউক্রেনজুড়ে শত শত ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ওডেসা বন্দর ও আশপাশের অঞ্চল বারবার হামলার মুখে পড়ছে। ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির জন্য এই সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, যুদ্ধ ইস্যুতে এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে চীন। দেশটি একদিকে শান্তি আলোচনার পক্ষে কথা বললেও অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়নি।
সূত্র : আল জাজিরা

মতামত দিন