ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো ধরনের আপস করবে না ইরান।
পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, এটি ইরানের স্বীকৃত অধিকার এবং আলোচনার টেবিলে বসে তা নিয়ে দরকষাকষির সুযোগ নেই।
সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি এনপিটির আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে। তাই এ বিষয়ে চাপ সৃষ্টি বা সীমাবদ্ধতার প্রস্তাব তেহরান গ্রহণ করবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক যোগাযোগ প্রসঙ্গে বাঘায়ি বলেন, ইরানের অবস্থান একেবারেই পরিষ্কার। বিশেষ করে বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তেহরান কোনো ‘ছাড়’ হিসেবে নয়, বরং নিজেদের বৈধ অধিকার হিসেবে দেখছে।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে আগের মতো বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারেনি। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের উপস্থিতি শান্তি প্রতিষ্ঠার বদলে সংঘাত ও অস্থিরতা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর প্রতি ইঙ্গিত করে ইসমাইল বাঘায়ি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তার দাবি, বহিরাগত শক্তির ওপর নির্ভরতা এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারেনি।

মতামত দিন