হরমুজ প্রণালিতে নজরদারি বাড়াতে নতুন কর্তৃপক্ষ গঠন করল ইরান।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে তৎপরতা আরও জোরদার করেছে ইরান। দেশটি এবার প্রণালিটির নিরাপত্তা, জাহাজ চলাচল ও সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘোষণায় বলা হয়েছে, নতুন সংস্থাটির নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’। এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়, প্রণালির নিরাপত্তা পরিস্থিতি, নৌ চলাচলে পরিবর্তন কিংবা যেকোনো জরুরি ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে নতুন এই সংস্থা। অর্থাৎ রিয়েল-টাইম পর্যবেক্ষণ ও তথ্য সরবরাহের দায়িত্বও থাকবে তাদের হাতে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাইছে ইরান।
বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজার ও ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন