পরীক্ষায় খাতা দেখতে না দেওয়াকে কেন্দ্র করে দুই সহপাঠীকে কুপিয়ে জখম।
চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাতা দেখতে না দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় ক্ষুর দিয়ে কুপিয়ে আহত করা হয় দুই সহপাঠীকে।
রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আব্দুল হালিম।
পুলিশ জানায়, আহত শিক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহানের বাবার দায়ের করা মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আটক চারজনই এবারের এসএসসি পরীক্ষার্থী এবং তারা করেরহাট কামেনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ঘটনার সূত্রপাত হয় রোববার অনুষ্ঠিত বিজ্ঞান পরীক্ষাকে কেন্দ্র করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার হলে কয়েকজন পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও তার বন্ধু মুনায়েমের কাছে উত্তরপত্র দেখতে চায়। কিন্তু তারা এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে বাড়ির পথে যাওয়ার সময় ১০ থেকে ১২ জনের একটি দল তাদের পথরোধ করে হামলা চালায়। এ সময় ধারালো ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় দুই শিক্ষার্থীকে। পরে অন্য সহপাঠীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
আহত জিহান জানান, বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করা হয়। কেন এত বড় হামলা করা হলো, সেটি তিনি নিজেও বুঝতে পারছেন না বলে জানান।
পুলিশ জানিয়েছে, আটক কিশোরদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন