পরিবহন মালিকদের দ্বন্দ্বে আবারও বন্ধ হবিগঞ্জ-সিলেট রুটের বাস চলাচল।
হবিগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিকদের বিরোধকে ঘিরে আবারও অচলাবস্থা তৈরি হয়েছে সিলেট অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ বাস রুটে। রোববার সকাল থেকে হবিগঞ্জ থেকে সিলেট, মৌলভীবাজার ও বিভিন্ন উপজেলায় বিরতিহীন বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন যাত্রীরা।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপ জানিয়েছে, মৌলভীবাজার এলাকায় তাদের বাস আটকে চালক ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শ্রীমঙ্গলে কয়েকটি এক্সপ্রেস বাস থামিয়ে হামলার অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরিবহন নেতাদের ভাষ্য, বিভাগীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি হবিগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে সিলেট রুটে সরাসরি বাস চলাচল পুনরায় শুরু হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হতে না হতেই ফের বাধার মুখে পড়ে পরিবহনগুলো।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতারা দাবি করছেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে একটি পক্ষ প্রভাব খাটিয়ে বাস চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। তাদের অভিযোগ, বারবার চালক ও স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান আসছে না।
দীর্ঘদিন ধরেই হবিগঞ্জ বিরতিহীন পরিবহন ও মৌলভীবাজারের একটি বাস মালিক সমিতির মধ্যে এ রুট নিয়ে টানাপোড়েন চলছে। এর আগেও একই বিরোধের জেরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় বাস আটকে দেওয়া ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে অভিযোগ করেন, মালিক সমিতিগুলোর দ্বন্দ্বের দায় সাধারণ মানুষকে নিতে হচ্ছে। জরুরি চিকিৎসা, চাকরি ও শিক্ষাসংক্রান্ত কাজে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
এদিকে রাশেদুল হক চৌধুরী জানিয়েছেন, সমস্যা সমাধানে দুই পক্ষকে নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ড. জি এম সরফরাজ দাবি করেছেন, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মতামত দিন