রাজধানীর বাজারে সবজি-মাছ-মুরগিতে আগুন, চাপে নিম্ন ও মধ্যবিত্ত।
বাজারে গিয়ে ক্রেতাদের এখন হিসাব মেলানোই কঠিন হয়ে পড়েছে। সবজির বাজারে ১০০ টাকার নিচে প্রায় কিছুই মিলছে না, মাছের বাজারে ২০০ টাকার নিচে নেই একটি মাছও।
কারওয়ান বাজার, নিউমার্কেট ও হাতিরপুলে শুক্রবার দেখা গেছে, বেগুন, শসা, করোলা, ঝিঙা, পেঁপে, চিচিঙ্গা, ধুন্দুল — প্রায় সব সবজিই ১০০ টাকার ঘরে। গাজর ও কাঁকরোল ১২০, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি। তুলনামূলক কম দামে মিলছে শুধু ঢেঁড়স, ৬০ টাকায়।
মাছের বাজারেও একই অবস্থা। নিম্নবিত্তের ভরসার পাঙাশও এখন ২০০ টাকা। তেলাপিয়া ২৩০, রুই ৩০০-৩৫০, পাবদা ৩৫০, কই ৪০০-৫০০, চিংড়ি ৯০০-১১০০ টাকা কেজি। নদীর মাছ আরও চড়া — বেলে ৫০০, দেশি টেংরা ৬০০ টাকা। এক কেজির বেশি ওজনের ইলিশ ছাড়িয়ে গেছে ৩ হাজার টাকা।
মুরগির দামও চড়েছে। ব্রয়লার এখন ২০০ টাকা, যা মাস খানেক আগেও ছিল ১৭০-১৭৫ টাকায়। সোনালি উঠেছে ৩৩০-৩৫০ এবং দেশি মুরগি ৭০০-৮০০ টাকায়। ডিমের ডজনও এক সপ্তাহে ১২০ থেকে বেড়ে ১৫০ টাকা ছাড়িয়েছে। পেঁয়াজ সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে ৪৫-৫০ টাকায় উঠেছে, আদা বেড়ে ১৭০-১৯০ টাকায়।
ক্রেতারা বলছেন, আগে এক কেজি করে কিনতেন, এখন আধা কেজিতে নামিয়ে আনতে হচ্ছে। বিক্রেতাদের ব্যাখ্যা, সরবরাহ কমেছে, পরিবহন খরচ বেড়েছে, মৌসুমও শেষের দিকে।

মতামত দিন