বাড়ির দলিল নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই গ্রেপ্তার।
বাবার বাড়ির দলিল নিয়ে দুই ভাইয়ের দীর্ঘদিনের বিবাদ শেষ পর্যন্ত রক্তে গড়াল। নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট ভাই মোহনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার শুরু কয়েক মাস আগে। বাবার কাছ থেকে বাড়ির দলিল পেতে মরিয়া হয়ে ওঠেন উজ্জল। বাবা রাজি না হওয়ায় ছোট ভাই মোহনকেও চাপের মাধ্যম হিসেবে ব্যবহারের চেষ্টা করেন। এ নিয়ে দুই ভাইয়ের বিরোধ একসময় চরমে ওঠে।
শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ির দ্বিতীয় তলা থেকে বেরিয়ে আসার সময় মোহনের ওপর হামলে পড়েন উজ্জল। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় বটি দিয়ে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। চিৎকার শুনে পরিবার ও ভাড়াটিয়ারা ছুটে এলে বটি ফেলে পালিয়ে যান উজ্জল। গুরুতর আহত মোহনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে সোহরাওয়ার্দীতে স্থানান্তরের পথেই সকাল ১০টার দিকে মারা যান গার্মেন্টস কর্মী এই যুবক।
নিহতের বাবা বাবুল মিয়া হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে উজ্জলকে আদালতে পাঠানো হবে।

মতামত দিন