আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতে ঐতিহাসিক ভোজশালা-কামাল মওলা মসজিদকে 'দেবী সরস্বতীর মন্দির' হিসেবে ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট ঐতিহাসিক ভোজশালা-কামাল মওলা মসজিদকে 'দেবী সরস্বতীর মন্দির' হিসেবে ঘোষণা করেছেন। শুক্রবার ইন্দোর হাইকোর্টের বিচারপতি বিনয় কুমার শুক্লা ও অলোক আওয়াস্থির বেঞ্চ ২৪২ পৃষ্ঠার এই রায় দেন।

এতে মুসলিম ও জৈন সম্প্রদায়ের পিটিশন খারিজ হয়ে যায় এবং হিন্দু সম্প্রদায় সেখানে উপাসনার অধিকার পায়।

একাদশ শতাব্দীর এই স্থাপনাটি মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত। এতদিন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ২০০৩ সালের একটি আদেশ অনুযায়ী মুসলিমরা শুক্রবার এখানে নামাজ পড়তে পারতেন এবং হিন্দুরা মঙ্গলবার ও বসন্ত পঞ্চমীতে পূজা করতে পারতেন। আদালত সেই আদেশ বাতিল করে দিয়েছেন।

অযোধ্যার রাম জন্মভূমি রায়ের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে বলে জানান আদালত। মুসলিম পক্ষের যুক্তি ছিল, ১৯৩৫ সালে এই স্থানটিকে সরকারিভাবে মসজিদ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আদালত বলেন, ওই ঘোষণার সময় সংশ্লিষ্ট আইনটি কার্যকর হয়নি, তাই এর কোনো আইনি ভিত্তি নেই।

রায়ে মুসলিম পক্ষকে বিকল্প জমির জন্য ধার জেলা প্রশাসনের কাছে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি লন্ডন মিউজিয়ামে থাকা সরস্বতী মূর্তি ফিরিয়ে এনে ভোজশালায় পুনঃস্থাপনের উদ্যোগ নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু পক্ষ রায়কে 'ঐতিহাসিক' বলে স্বাগত জানিয়েছে, আর মুসলিম প্রতিনিধিরা সুপ্রিম কোর্টে আপিলের কথা জানিয়েছেন।

মতামত দিন