বিনোদন
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।

নিজেস্ব প্রতিবেদক:

লিভার জটিলতায় না ফেরার দেশে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুরুতে জ্বর, তারপর সংক্রমণ — এরপর হেপাটাইটিস এ ও ই-এর কারণে লিভার ফেইলিউর। অবস্থার অবনতি হলে আইসিইউ, তারপর লাইফ সাপোর্ট। ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই পাঠানো হয় তাঁকে। সেখানে ফুসফুসের চিকিৎসা চলার পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টেরও প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ রক্তচাপ বিপজ্জনকভাবে নেমে যায়, আর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে তরুণ দর্শকদের মন জয় করেছিলেন কারিনা। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখায়ও নিজেকে মেলে ধরেন। 'ইন্টার্নশিপ' ও '৩৬-২৪-৩৬' তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক জানাতে শুরু করেছেন।

মতামত দিন