সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা।
বুধবার (১৩ মে) সকালে আবহাওয়া দফতর অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক সতর্কবার্তায় জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় আসতে পারে।
বঙ্গোপসাগরে লঘুচাপ
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যা আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি অন্য একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বৃষ্টির পূর্বাভাস
এই পরিস্থিতিতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মতামত দিন