ইরানের প্রস্তাবকে নির্বোধের মতো প্রস্তাব বললেন ট্রাম্প।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, পরিস্থিতি এখন লাইফ সাপোর্টে থাকা রোগীর মতো — বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ।
যুদ্ধ থামাতে আলোচনার শর্ত নিয়ে দুই পক্ষ এখনো একমত হতে পারেনি বলে জানান ট্রাম্প। ইরানের পাল্টা প্রস্তাবকে 'নির্বোধের' আখ্যা দিয়ে তিনি বলেন, এই প্রস্তাব কেউ মানবে না। তবে ওবামা বা বাইডেন হলে মেনে নিতেন বলেও কটাক্ষ করেন তিনি।
যুদ্ধে ইরানের নৌশক্তি গুঁড়িয়ে গেছে বলে দাবি করেন ট্রাম্প। তার ভাষ্যে, একসময় দেশটির ১৫৯টি রণতরী ছিল, এখন আর একটিও নেই — কিছু ছোট স্পিডবোট ছাড়া। এর মধ্যে একদিনেই আটটি ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুদ্ধ শুরু হলে প্রায় দেড় মাস লড়াইয়ের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
মতামত দিন