ফ্লোরিডায় ভয়াবহ দাবানলে ৭ হাজার একর ভূমি ছাই, আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়।
রোববার থেকে জ্বলতে থাকা 'ম্যাক্স রোড ফায়ার' এখন ফ্লোরিডার মিয়ামি-ডেড ও ব্রোওয়ার্ড কাউন্টিজুড়ে ছড়িয়ে পড়েছে। সোমবার সকালের মধ্যে পশ্চিম ব্রাওয়ার্ড কাউন্টির ৭ হাজারেরও বেশি একর জমি পুড়ে গেছে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকার আকাশ।
আগুন নেভাতে মাঠে নামানো হয়েছে বিপুলসংখ্যক দমকলকর্মী। হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছিটিয়ে আগুনের বিস্তার রোধের চেষ্টা চলছে। দাবানলটি মূলত ইউএস-২৭ মহাসড়কের পশ্চিমে ও নর্থ ক্রোম অ্যাভিনিউ এলাকায় সক্রিয় রয়েছে। প্রায় সাড়ে ছয়শো বাড়ি রক্ষায় চারপাশে সুরক্ষামূলক বেষ্টনী তৈরি করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পার্শ্ববর্তী সমারসেট একাডেমি স্কুলের কার্যক্রম আপাতত স্বাভাবিক রাখা হয়েছে। বাতাস ধোঁয়াকে উত্তর-উত্তরপশ্চিম দিকে সরিয়ে দেওয়ায় দক্ষিণের এলাকাগুলোতে বায়ুমান কিছুটা ভালো হয়েছে। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের সতর্ক থাকতে বলেছে। ধোঁয়ার কারণে ইউএস-২৭ সংলগ্ন সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পূর্বাভাস থাকায় দমকলকর্মীরা কিছুটা স্বস্তির আশা করছেন বলে জানিয়েছে ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস।
মতামত দিন