আবহাওয়া
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবৃষ্টি।

ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা মোটামুটি একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গরম পড়েছে খুলনার কয়রায়, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে ঢাকায়, ২০ ডিগ্রি। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়, ৯৫ মিলিমিটার।

মতামত দিন