যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, চার এলাকায় উচ্ছেদ নির্দেশ।
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা থামছে না। নতুন করে চারটি এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী।
এরই মধ্যে লিতানি নদীর পাশের দেইর মিমাস শহরে একটি সৌরচালিত পানি পাম্পিং স্টেশন উড়িয়ে দেওয়া হয়েছে। আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরক সোমবার বিস্ফোরিত হলে ওই অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতির মধ্যে এই ধ্বংসযজ্ঞ তাদের দৈনন্দিন জীবন অসহনীয় করে তুলছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর থেকে তারা হিজবুল্লাহর এক হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং সাড়ে তিন শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে। তবে লেবানন সরকারের হিসাবে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় তিন হাজার মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি।
আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতি মানার চাপ থাকলেও মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন। নতুন উচ্ছেদ নির্দেশে সীমান্তঘেঁষা জনপদগুলোতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মতামত দিন